কাউন্সিলর চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৯ ০৯:৪৪:৫৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের (১৩, ১৯ ২০ ওয়ার্ডের) কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীকে রাজধানীর শাহবাগ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, জরুরি বিভাগের চিকিৎসক চামেলীর পাকস্থলী পরিস্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে কিভাবে সে অচেতন হয়েছেন, কেউ কোন খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, নাকি কোন অজ্ঞান পার্টির খপ্পরে পরেছেন, তার কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তার ভগ্নিপতি মিজানুর রহমান জানান, রোকসানা আওয়ামী লীগের কোনো মিটিংয়ে গিয়েছিলেন। পরে রাতে সংবাদ পাই, সে পিজি হাসপাতালের তিন নম্বর গেইটের পাশে অচেতন অবস্থায় আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














