১৬ তারিখ বায়তুল মোকাররমে মাওলানা সাঈদির জানাজা

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৮-১৫ ১০:১৩:১৩


আজ সোমবার রাতে ৮.৪০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কোরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদি (ইন্নালিল্লাহি…)।

১৬ তারিখ বাদ জোহর বায়তুল মোকাররমে মাওলানা সাঈদির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, তার সেজো ছেলে মাসুদ সাঈদি।

গত ১৩ আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এনজে