সাঈদীর চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ’র সংবাদ সম্মেলন স্থগিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১১:০২:৫০
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের।
বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবরশত বিএসএমএমইউর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।
রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। রোববার রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি করা হয় সাইদীকে।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সাঈদীকে। পরে ওই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














