ভোটের প্রস্তুতি শুরু, বিএনপিও আসবে: ইসি রাশেদা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২০ ১৪:৫৯:২০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, আমাদের আসলে একটা চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোট করতে গেলে আমাদের যে ধরনের কাজ করতে হয়, সব শুরু করে দিয়েছি। অনেক কাজ এগিয়ে গেছে ও চলছে। তোড়জোড় চলছে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্দেশিকা তৈরির, আগামীকাল কমিশন সভায় উঠবে।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে কমে আসবে। একটা সময় বিএনপিও ভোটে আসবে।
রোববার (২০ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষকদের ট্রেনিং করা লাগবে। এজন্য ভোটকেন্দ্রের তালিকা করার খসড়া এসে গেছে। এখন ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তা বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার দিয়ে কয়েক লাখ লোকবল প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, পেশাদারিত্ব বিবেচনায় নীতিমালা মেনে কাজ করতে হবে। আগের মতো সবাইকে পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে। এরপরে তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ শেষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে।
বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা জানান, কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা হলে বিস্তারিত জানানো যাবে। তবে আমরা নিয়োগ দেবো না। স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসতে হবে। নীতিমালা মেনে তাদের কাজ করতে হবে।
ইসি রাশেদা বলেন, ২০১৮ সালের ভোটের সমালোচনা এড়াতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
উল্লেখ্য, এ বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে ভোট করার কথা রয়েছে ইসির।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














