ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি: প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৯ ১৭:২১:৩৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথমবারেই ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টাও আমরা করিনি। আমরা যখন জানলাম যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে, ওটার ওপরেই আমাদের আগ্রহটা বেশি ছিল।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে।
তিনি আরও বলেন, ব্রিকসে নিলে আমরা খুব খুশি কিন্তু প্রথমবারেই আমরা ব্রিকসের সদস্যপদ পাবো এ রকম কোন চিন্তা বা ওইভাবে চেষ্টাওে করিনি বা কাউকে বলিও নাই।
প্রধানমন্ত্রী বলেন, আমার সঙ্গে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয়েছে ও সাক্ষাৎ হয়েছে। আমরা কিন্তু কাউকে বলতে যাই নি আমাদের এখনি সদস্য করেন।
বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নাই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানে, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। বিরোধীদের মধ্যে হা হুতাশ আছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা এতে অংশ নেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














