ভাটারায় গ্যাসের চুলায় আগুনে দগ্ধ ৪

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-৩০ ১৬:০২:০২


রাজধানীর ভাটারায় ফোর স্টার রেস্টুরেন্টের রান্না ঘরে সিলিন্ডার গ্যাসের চুলার আগুনে বাবুর্চিসহ ৪ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.তরিকুল ইসলাম এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারিক (৩৯), বাবুর্চির সহকারী মো. হারিজ (৩০), লাইলী বেগম খাদিজা (৪৩) ও রোহিমা বেগম (৩৮)। লাইলী ও রোহিমা কিচেন রুমে সবজি কাটার কাজ করেন।

ডা. তরিকুল ইসলাম বলেন, তারিকের শরীরের সাত শতাংশ, হারিজের ১২ শতাংশ, খাদিজার তিন শতাংশ এবং রোহিমার শরীরে তিন শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুই জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে দুই নারীকে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রেস্টুরেন্টের ওয়েটার বাবুল হাওলাদার বলেন, সকাল ৯টার দিকে কিচেন রুমে রান্নার কাজ চলছিল। সেখানে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। সেই আগুন গ্যাসের চুলায় ছড়িয়ে পড়ে। এতে চার জন দগ্ধ হন।

এম জি