সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট: টিআইবি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-৩০ ১৮:৫৮:১০


ডিজিটাল নিরাপত্তা আইনের মতো সাইবার নিরাপত্তা আইনকেও নিবর্তনমূলক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল নিরাপত্তা আইনের কপি পেস্ট। এ ধারা থেকে বেরিয়ে আসতে হবে।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইফতেখারুজ্জামান বলেন, এখনও সময় আছে, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটা সংশোধন করা যেতে পারে। সংসদে আইন হিসেবে পাস হয়ে গেলে এটা হবে একটা কালো আইন। খসড়া আইনটি এখন যে অবস্থায় আছে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। এতে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হবে বলে আমি মনে করি।

টিআইবির চেয়ারম্যান বলেন, যেসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আমাদের উদ্বেগ ছিল, সেগুলো এখনও রয়ে গেছে। কিছুটা বাড়িয়ে-কমিয়ে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনের শাস্তি পরিবর্তনের নামে বা কিছুটা কমিয়ে এনে, কিছু ধারার পরিবর্তন করার নামে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে খসড়া সাইবার নিরাপত্তা আইনটি। এর মূল বিষয়গুলো অপরিবর্তিত আছে।’

ইফতেখারুজ্জামান বলেন, দুর্বলতা বললে কম হয়ে যায়, অর্থাৎ যেসব কারণে সাধারণ মানুষের উদ্বেগ ছিল আগের আইনে, নতুন খসড়াতেও সেসব বিষয় রয়ে গেছে। যার মধ্যে অন্যতম বাকস্বাধীনতা, মত প্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এই খসড়া আইনে রয়ে গেছে। যদিও শাস্তির পরিমাণ কমানো হয়েছে, এতে আমরা সাধুবাদ জানাই। কিন্তু অন্যদিক থেকে এটা বিবর্তনমূলক আইন হচ্ছে।

ইফতেখারুজ্জামান বলেন,ডিজিটাল সিকিউরিটি আইন যেটা কালো আইন হিসেবে চিহ্নিত হয়েছিল সাইবার সিকিউরিটি আইনের যে খসড়া এখন আছে সেটা যদি কার্যকর হয়, তাহলে এই আইনও কালো আইন হিসেবে চিহ্নিত হবে। এখানেও বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা খর্ব হবে। ডিজিটাল প্লাটফর্মে নিজের মত প্রকাশ করলে ঝুঁকির সম্মুখীন সেই বিষয়টিই রিপিট হবে এখানে।

এএ