এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২৪ ঘন্টায় টোল আদায় প্রায় ২২ লাখ টাকা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৫ ১১:৩৮:৩৭
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুইদিনে মোট টোল আদায় হয়েছে ৪০ লাখ ৪৯ হাজার ৯২০ টাকা। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে এক্সপ্রেসওয়েতে বেড়েছে গাড়ি ব্যবহার ও টোল আদায়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার গণমাধ্যমে বলেন, গেল ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ২৭ হাজার ১২১টি। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেটের পথে ১৪ হাজার ৩০০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ১০৫টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৯৪৪টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৬ হাজার ৭২৮টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।
এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় জনসাধারণের জন্য খুলে দেয়ার পর থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত এই সড়ক দিয়ে মোট ২২ হাজার ৮০৫টি গাড়ি চলাচল করেছে। এই ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা।
গেল শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উড়াল পথটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
উদ্বোধনের কয়েকদিন আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ধাপের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














