‘৩ লাখ ২৮ হাজার সরকারি পদ শূন্য’

প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১৪:০১:২৯


ashraf1-600x371-600x336বর্তমানে দেশে মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরসমূহে  প্রায় ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মন্ত্রী বলেন, ২০১৫ সালে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারির সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এদের মধ্যে মহিলা কর্মকর্তা-কর্মচারি ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ জন এবং পুরুষ কর্মকর্তা-কর্মচারি ১০ লাখ ৪ হাজার ৩৯ জন। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি জানান, এর বাইরে বর্তমানে দেশে মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরসমূহে  প্রায় ৩ লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণাল-বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০ থেকে ১২ গ্রেডের (১ম ও ২য় শ্রেণী) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) শূন্য পদ স্ব স্ব দপ্তর-সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় স্ব-উদ্যোগে কোনো নতুন পদ সৃষ্টি করে না বলে আরেক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।

সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাধারণত নতুন কোনো দপ্তর সৃষ্টি কিংবা বিদ্যমান কোনো দপ্তরের কার্যক্রমের পরিধি বাড়লে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পদ সৃজনে প্রচলিত বিধি অনুযায়ী সম্মতি প্রদান করে থাকে।

সানবিডি/ঢাকা/এসএস