৩৪তম বিসিএস থেকে মাধ্যমিকে শিক্ষক নিয়োগ
প্রকাশ: ২০১৬-০৬-২৬ ২১:৩৪:০৭
৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ (নন ক্যাডার) প্রার্থীদের মধ্য থেকে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদের ৫০ শতাংশ এই প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হবে। রোববার সরকারি কর্মকমিশনে (পিএসসিতে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির সূত্র জানায়, বর্তমানে দেশের ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি।
পদ উন্নীতকরণের জটিলতায় সহকারী শিক্ষক পদে ২০১২ সালের জানুয়ারির পর আর নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। ওই বছরের ১৫ মে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। এর ফলে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগবিধি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
কারণ, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করতে হয় পিএসসির মাধ্যমে। কিন্তু গত চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগবিধি চূড়ান্ত করতে পারেনি সরকার।
এমন পরিস্থিতিতে মাউশি শিক্ষক-সংকট দূর করতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যাঁরা ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, কেবল তাদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায়। এখন বিষয়টি চূড়ান্ত হলো।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














