পটুয়াখালী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আ.লীগ প্রার্থী
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-০৯ ১৯:৫৩:৫৩
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট মো. আফজাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
অ্যাডভোকেট মো. আফজাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক।
এ প্রসঙ্গে কুতুবুল আলম বলেন, একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে একমাত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের মনোনীত মো. আফজাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর প্রেরণ করা হয়েছে।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া গত ২১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়। আগামী ২৬ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














