গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১০ ১৬:৫২:২৩
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যমের ভূমিকার কারণেই দেশের গণতন্ত্র আজকের পর্যায়ে এসেছে। বাংলাদেশের অর্জনে গণমাধ্যমের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমাদের সময়ে আপনারা ফ্রি মিডিয়া পাবেন এবং আমাদের তরফ থেকে কোনো ধরনের মিডিয়া বা আপনাদের সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নাই।
তিনি আরও বলেন, আজকে আমরা যেখানে আছি, গণমাধ্যম আছে বলেই সেখানে আছি। গণমাধ্যম সবসময় যে ভূমিকা নিয়েছে, তার কারণে আজকে আমাদের যত অর্জন। আমরা যেখানে আছি, বাংলাদেশের গণতন্ত্র আজ যে পর্যায়ে আছে, এর সমান সমান ক্রেডিট গণমাধ্যমের।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথা জানান। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














