আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-২৫ ১০:৫৬:৫৪
বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও বায়ু দূষণের দ্বিতীয় অবস্থানে ঢাকা। সুইজারল্যান্ডের জরিপ সংস্থার তালিকায় থাকা বিশ্বের ১১০ শহরের মধ্যে আজ সোমবার ঢাকার অবস্থান দুই নম্বরে। এর আগে গতকালও দূষিত বাতাসের শহরের তালিকায় একই অবস্থানে ছিল ঢাকা।
আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সকাল আটটার সূচক অনুযায়ী তালিকায় আজ এক নম্বরে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা।
শহরটির বাতাসের মানের স্কোর ২৯৪ অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য খুবই অস্বাস্থ্যকর। পাশাপাশি দুই নম্বরে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর- ২৭২। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া শীর্ষ তিন নম্বরে ২৬০ স্কোর নিয়ে আছে ভারতের দিল্লি। অর্থাৎ প্রতিবেশী দেশটির এই শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর।
ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














