৬ মাসে ২৩ হাজার ৩৯১ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-০২ ২১:৩৮:৫৫
২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসের (জুলাই- ডিসেম্বর) মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯১ দশমিক ৩৪ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কম।
মঙ্গলবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে নিটওয়্যার থেকে ১৩ হাজার ৪৮০ দশমিক ১৯ মিলিয়ন ডলার আসে। যা বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। এ ছাড়া ওভেন পোশাক রপ্তানি থেকে ৯ হাজার ৯১১ দশমিক ১৫ মিলিয়ন ডলার এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।
সামগ্রিকভাবে চলতি অর্থবছর ২০২৩-২৪ এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে।
এছাড়া, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারে। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫ হাজার ৩৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের দুই মাস তথা গত অক্টোবরে ও নভেম্বরে রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ৬৪ শতাংশ এবং ৬ দশমিক ০৫ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে বিশ্ববাজারে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য রপ্তানি করা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














