সমাজকল্যাণ মন্ত্রী
বাংলাদেশ বিনির্মাণে সমাজের সবাইকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৯-০৫ ১৬:১৬:২৩
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন, সেখানে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই বিভিন্ন আঙ্গিকে শ্রমিক, তাদের শ্রমের ধরন ও ক্ষেত্র কেবল আলাদা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিলস-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মন্ত্রী বলেন, সমাজে যার যা অর্জন, তা যদি আমরা স্বীকৃতি দেই, তবে বহু সমস্যার সমাধান সহজ হয়ে যায়। সমাজে বিদ্যমান সবকিছুতে ‘আমি’র পরিবর্তে যদি ‘আমরা’ শব্দটি আন্তরিকভাবে ধারণ ও ব্যবহার করা যায়, তবে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।
তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, ন্যায্য মজুরি কোনো করুণা বা দাবির বিষয় নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য। তিনি উল্লেখ করেন, সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত আস্থায় নির্বাচিত বর্তমান সরকার তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। টেকসই শিল্প ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটন, নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর মিসেস জান্না ভ্যান ডার লিন্ডেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর উদ্বোধন করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














