কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজের

সানবিডি২৪বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২৪-০১-০৬ ১৪:৪১:২৪


সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরিপ্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানিয়ে খোলা চিঠি পাঠিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজুয়ান আহমেদ শুভ্র এই খোলাচিঠি পাঠিয়েছেন। এর অনুলিপি গণমাধ্যমেও পাঠানো হয়।

খোলা চিঠিতে বলা হয়, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অনেক সংবেদনশীল। উন্নয়নের ধারা অব্যাহত রাখা তথা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন এদেশের জনগণ দেখেছে, তা বাস্তবায়ন করতে একটি নির্বাচিত সরকার ও রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ প্রয়োজন। বিগত সময়ে যা বংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক উপলব্ধি করেছেন।

চিঠিতে আরো বলা হয়, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে অপরাপর রাজনৈতিক দলগুলোর ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি পরিহার করে নির্বাচন কমিশনের আহ্বানে নির্বাচনমুখী হওয়া বাঞ্চনীয় ছিল। তা না করে কিছু রাজনৈতিক দল অগ্নিসংযোগ ও হত্যার পথ বেছে নিয়েছে। তারা নির্বাচন কমিশনকে অসহযোগিতা তথা সর্বোপরি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে, যা সাধারণ জনগণের কাছে নিন্দনীয়। তাদের এ বিধ্বংসী রাজনীতি সাধারণ জনগণকে হতাশ ও ক্ষুদ্ধ করেছেন। তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার প্রেক্ষিতে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ দেশবাসীকে সত্বঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করার আহ্বান জানিয়েছেন।

সতের কোটি জনগণের ভাগ্য বিনির্মাণে সচেতন প্রতিটি নাগরিক আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ বিদেশে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার সমুচিত জবাব দিবে বলে তারা প্রত্যাশা করেন।

এম জি