সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৩ ১৮:১৮:৪০


সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ছয় কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না, এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বরাদ্দ ছয় কোটি টাকা। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে এটি অনুমোদনও হয়েছে।

চলতি বছর বর্ধিত বরাদ্দের পুরো অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর সম্পূর্ণ অর্থ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সভায় গণমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও বক্তব্য দেন তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এরই মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় জেলার চারটি আসনের সংসদ সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিএইচ