কিলিং মিশনের সহযোগিতায় আ’লীগ ও বিএনপির নেতা!

প্রকাশ: ২০১৬-০৭-১৮ ১৯:৫৯:২৩


Pirojpur‘কিলিং টার্গেট মিশন এবার পিরোজপুরে অবস্থান করছে। আমাদের পরিচয় তোদের জানার দরকার নেই। পিরোজপুরের সমস্ত মন্দিরের পুরোহিত এবং হিন্দু সংগঠনের নেতাদের মৃত্যু অনিবার্য।

সকল হিন্দু ধর্মের নেতা, চাকরিজীবী এবং সাধারণ নাগরিকদের একে একে হত্যা করা হবে। আওয়ামী লীগের এক নেতা ও বিএনপির বর্তমান জনপ্রিয় নেতার সহযোগিতায় হত্যা ও টার্গেট কিলিং মিশন সফল হবে।

এ কথাগুলো লেখা একটি চিঠি সোমবার পিরোজপুর শহরের কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দিরের সিঁড়ির ওপরও পাওয়া গেছে।

চিঠিতে আরো বলা হয়েছে- পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী কেউ এই হামলা ও মৃত্যু ঠেকাতে পারবে না। এই লেখা কাউকে দেখাবি না।

মূলত পিরোজপুর শহরের কেন্দ্রীয় সর্বজনীন কালীমন্দির ও পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে এ চিঠি দেওয়া হয়েছে।

পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত রুহিত দাস পাল জানান, তিনি হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পেয়েছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, পিরোজপুর শহরের দুই মন্দিরে পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার খবর পেয়ে পুলিশ মন্দিরে গিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় দুপুর পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় পালপাড়া সর্বজনীন দুর্গা ও কালীমন্দিরের পুরোহিত একই ধরনের লেখা একটি চিঠি পান।

পালপাড়া দূর্গা- কালী মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায় জানান, রাতে মন্দিরের মধ্যে পুরোহিত রুহিদাস পাল ঢুকলে একটি চিঠি পেয়ে তা পড়ে দেখেন চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আমাকে জানানো পরে রাতে বিষয়টি কাউকে না জানিয়ে সোমবার সকালে জেলা প্রশাসককে জানাই।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ্বাস জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা উভয় মন্দিরে ঘটনা স্থলে যাই। পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে সদর থানায় আমি নিজেই একটি সাধারণ ডায়েরী করেছি।

এ বিষয়ে পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন জানান, সার্বিক বিষয়ে আমাদের নজরদারী রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো