অর্থমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-১১ ২০:৪৪:৫৪


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে মন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

৭ জানুয়ারির নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন আবুল হাসান মাহমুদ আলী। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৮২৩ জন।

দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টানা চতুর্থবারের এই সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন।

নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি এ এবং ১৯৬৩ সালে এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।

সবশেষ অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন আ হ ম মুস্তাফা কামাল।

এএ