বেনাপোলে ৬ মাসে ৩২৮ কোটি টাকা রাজস্ব ঘাটতি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০১-২২ ১৫:২৩:৩৪


যশোরের বেনাপোল কাস্টমস হাউজে চলতি অর্থবছরের গেল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ৩২৭ কোটি ৯২ লাখ টাকা। এ সময় আমদানি কমেছে গত অর্থবছরের একই সময়ের চাইতে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ডলারের দামের ঊর্ধ্বগতি কোনোভাবে নিয়ন্ত্রণে না আসায় ও কাস্টমস কর্তৃপক্ষ প্রতিটি পণ্যের শুল্কায়ন মূল্য বাড়িয়ে দেওয়ায়, ভুল এইচএসকোড হলে শতকরা ২০০ ভাগ জরিমানা আদায় করায় আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছেন। দ্রুত সংকট না কাটলে বছর শেষে আমদানির পরিমাণ আরো কমে বড় ধরনের রাজস্ব ঘাটতির কবলে পড়তে হতে পারে।

গত ১২ থেকে ১৩ বছর ধরে বেনাপোল কাস্টমসে  রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হয়ে আসছে।এ বিষয়ে কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে যেসব পণ্য আমদানি হয়, তার ওপর প্রতিমাসে নিদিষ্ট পরিমাণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের গেল ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমসে এ লক্ষ্যমাত্রার পরিমাণ ছিল ৩ হাজার ১০৫ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ২ হাজার ৭৭৭ কোটি ৯ লাখ টাকা।

এখানে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৩২৭ কোটি ৯১ লাখ টাকা। এ সময় ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ২৪ হাজার ১২৩ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য।  এর আগে ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৯৩৯ কোটি টাকা। সে সময় আদায় হয়েছিল দুই হাজার ৬৩২ কোটি এক লাখ টাকা।

এখানে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ছিল ৩০৬ কোটি ৯৯ লাখ টাকা। এ সময় আমদানির পরিমাণ ছিল ৯ লাখ ৮৯ হাজার ৫১৩ মেট্রিক টন পণ্য। ২০২২-২৩ অর্থ বছরের ৬ মাসের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে এখানে আমদানি কমেছে এক লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন পণ্য এবং রাজস্ব ঘাটতি ২১ কোটি ৯১ লাখ টাকা।

এনজে