শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে: এফ রহমান

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-২৯ ১৫:৫৯:১৬


শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে, একটি হলো— রেমিটেন্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে।

আজ (সোমবার) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় সালমান এফ রহমান বলেন, রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। তাই রিজার্ভের ওপর চাপ কমাতে এখন আমাদের দুটি জিনিস করতেই হবে। একটি হচ্ছে রেমিট্যান্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রপ্তানি বাড়াতে হবে। এটাই হলো মূল কাজ। এটা আমাদের করতেই হবে। প্রধানমন্ত্রীও বলেছেন রপ্তানি বাড়ানোর জন্য। সেজন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে রপ্তানি বহুমুখী করার জন্য কাজগুলো করা হচ্ছে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

এনজে