বুড়িগঙ্গায় মিললো ব্যবসায়ী নেতার লাশ
প্রকাশ: ২০১৬-০৭-২৬ ১৫:৪৬:৩৭
রাজধানীর ধানমনণ্ডি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মো. খালেদ হাসানের লাশ মিলেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ থানাধীন এলাকায় বুড়িগঙ্গা নদীতে তার লাশ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের লোকজন খালেদ হাসানের লাশ শনাক্ত করেন।
এরআগে গত রোববার (২৪ জুলাই) সকালে ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়েছেন। তাকে কেউ অপহরণ করেই হত্যা করেছে বলে সন্দেহ করছে পরিবারের সদস্যরা। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী ডিবিসিসিআই সভাপতি খালেদের বাসা ধানমণ্ডির ৪/এ এলাকায়, বাসা নম্বর ৪৫। এ বাসা থেকেই বের হয়ে নিখোঁজ হন তিনি।
ওসি নূরে আজম জানান, শনিবার রাতে ধানমণ্ডির বাসা থেকে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। তার অফিস ৫২/১ নিউ ইস্কাটনের হাসান হোল্ডিংয়ের অষ্টম তলায়। এর পরই রাতে তার শ্যালক শরিফুল আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














