জিয়া অরফানেজ দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ আগস্ট
প্রকাশ: ২০১৬-০৭-২৮ ১৬:০৮:৩৯
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
এদিন মামলার সাক্ষী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগনুল পাশা,সোনালী ব্যাংক গুলশান নিউ নর্থ শাখার প্রধান অফিসার মফিজ উদ্দিন ও ফেনী ছাগলনাইয়া অফিসের সাব রেজিস্ট্রার ফারুককে জেরা করেন খালেদা জিয়া এবং অন্য আসামির আইনজীবীরা। তাদের জেরা শেষে বগুড়া গাবতলী অফিসের সাব-রেজিস্ট্রার আব্দুল জলিল সাক্ষ্য প্রদান করেন।তার সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। তাদের সাক্ষ্য ও জেরা শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেন আদালত।
এ নিয়ে মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














