রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী মিছিল ছত্রভঙ্গ
প্রকাশ: ২০১৬-০৭-২৮ ১৬:২৭:০০
পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির গণপদযাত্রার মিছিল।
শাহবাগ থানা সূত্র থেকে জানা যায়, কাঁদানে গ্যাস শেল নিক্ষেপের পর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে সরে যায়। সেখান থেকে কাউকে আটক করা হয়নি।
এর আগে তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটি রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে সকালে পুলিশি বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করে। বেলা ১২টার দিকে গণপদযাত্রার মিছিল শাহবাগ জাতীয় শিশুপার্কের সামনে এলে পুলিশি বাধার সম্মুখীন হয়। রাস্তায় পুলিশের ব্যারিকেডের কারণে আন্দোলনকারীরা সেখানে থেমে যান এবং ২০ মিনিট অবস্থান করেন। পরে পুলিশ ব্যারিকেড ছেড়ে দিলে ফের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে মিছিলটি।
এরপর শাহবাগ মোড়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গেইটের কাছে মিছিলকারীদের বাঁধা দেয় পুলিশ। পরে হোটেল শেরাটনের সামনে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে এ ঘটনায় বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের পঞ্চম তলায় তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন করার কথা। গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এ তথ্য নিশ্চিত করেছেন।
সকালে গণপদযাত্রা শুরুর আগে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ। যেকোনো মূল্যে সুন্দরবনবিনাশী ওই প্রকল্প বাতিলের ব্যাপারে হুঁশিয়ারি দেন তারা।
তেল, গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, ‘তারা (সরকার) জনগণের স্বার্থের বিরুদ্ধে এ চুক্তি করছে। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














