টেকনাফে রোহিঙ্গা জঙ্গিসহ সৌদি নাগরিক আটক
প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৬:২৫:৩৯

টেকনাফে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর নেতা, সৌদি নাগরিকসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের আটকে বাধা দেন সরকারদলীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সরে পড়েন এ জনপ্রতিনিধিরা।
শনিবার দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরে এ অভিযান চালানো হয়।
বিজিবি টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শাপলাপুরে অবস্থিত অবৈধ রোহিঙ্গা বস্তিতে নগদ টাকা এবং ত্রাণ বিতরণের খবর পেয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে যায়। সেখান থেকে আটক করা হয় রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরএসওর নেতা হাফেজ ছালাউল ইসলাম, মৌলভী ছৈয়দ করিম এবং একজন সৌদি নাগরিককে।
এসময় ঘটনাস্থলে অবস্থান করে বাধা দেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন এবং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন। বিজিবির অভিযানে পরিস্থিতি বেগতিক দেখে এ ৪ জনপ্রতিনিধি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটকদের বিজিবি ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের পর আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














