রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার : আটক ২
প্রকাশ: ২০১৬-০৮-০৪ ১১:৪৩:৪৬
রাজধানীর দারুস সালাম থানাধীন ছোট দিয়াবাড়ী এলাকায় একটি বাসা থেকে ৪ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম খাদিজা জান্নাত।
এ ঘটনায় পুলিশ রানু বেগম (৩৫) ও তার ছেলে রাকিবকে (১৪) গ্রেফতার করেছে। বুধবার দিবাগত মধ্যরাতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে তথ্য দিয়ে দারুস সালাম থানার এসআই শহিদুল ইসলাম জানান, বুধবার বিকাল ৫টা থেকে খাদিজা জান্নাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় তার বাবা মাসুম থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। এক পর্যায়ে রাত দুইটার দিকে মাসুমের পাশের বাড়ি রানু বেগমের বাসার খাটের নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই রানু বেগম ও তার ছেলে রাকিবকে গ্রেফতার করা হয়। মেয়ে হত্যার দায়ে থানায় একটি হত্যা মামলা করেছেন মাসুম।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














