সিলিন্ডার বিস্ফোরণে বেইলি রোডে ভয়াবহ আগুন, নিহত ৪৪
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০১ ০৬:৫৫:১১
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঢামেকে ৩৩ জন ও বার্ন ইনস্টিটিউটে ১০ জন মারা যান।
পরে পুলিশের মহাপরিদর্শক জানান, পুলিশ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। এবং ভবন থেকে লাফিয়ে নামা ২০ আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তাঁরা।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তখনো ভবনের ভেতরে ধোঁয়া ছিল। এরপর ভবনে তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় অনেককে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের একটি ফ্রিজার ভ্যানে বেশ কয়েকজনকে নিয়ে যেতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে র্যাব-৩–এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান রাত আড়াইটার দিকে সাংবাদিকদের বলেন, ওই ভবনের নিচতলায় একটি কফির দোকান রয়েছে। সেখানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন।
এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ওই ভবনে আর কোনো মৃতদেহ রয়েছে কি না, তা নিশ্চিত হতে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা আরেকবার তল্লাশি চালাবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সেখানে আইজিপি সাংবাদিকদের বলেন, ‘আমাদের একজন সহকর্মীর কন্যা মারা গেছেন। পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন। দোয়া করবেন যে ৭৫ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের জীবন যেন রক্ষা পায়।’
ভবন থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাত একটার পর সেখানে এক মর্মান্তিক দৃশ্য দেখা যায়। একের পর এক অ্যাম্বুলেন্সে হতাহত ব্যক্তিদের সেখানে আনা হয়। অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানোর সঙ্গে সঙ্গেই যেন নির্বিঘ্নে হাসপাতালে প্রবেশ করানো যায়, সে জন্য জরুরি বিভাগের ফটকে ট্রলি প্রস্তুত রাখা হয়। অ্যাম্বুলেন্স থেকে আহত ব্যক্তিদের বের করে নেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণকক্ষে। কক্ষের বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














