সত্যকে ঢেকে রাখা রাখা যায় না: প্রধানমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৭ ১৫:২৩:০২


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস মুছে ফেলা যায় না, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি তা প্রমাণ করেছে। ঐতিহাসিক সাত মার্চের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বিজয়ও এনে দিয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে সরকার প্রধান জানান, এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় পরিকল্পিতভাবে ধাপে ধাপে উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা। অনেক রাজনীতিবিদ সত্তরের নির্বাচনের বিরোধীতা করলেও এদেশের মানুষের স্বার্থেই বঙ্গবন্ধু তাতে অংশ নেন।

সাত মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের পাশাপাশি শত্রুপক্ষকে বিরত রাখার কৌশল ছিলো বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার বিরোধীরা পঁচাত্তরে জাতির পিতাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাঁর অবদান মুছে ফেলতে মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু সত্য উদ্ভাসিত। আলোচনা শেষে পরিবেশিত হয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এম জি