রাজধানীতে বিশেষ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক ২৬

আপডেট: ২০১৬-০৮-০৬ ১৩:৫৭:১১


Yaba

রাজধানীর খিলখেত থেকে দুই লাখ পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে তিনজনকে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে আরও ২৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

খিলক্ষেতে দুই লাখ পিস ইয়াবাসহ আটকরা হলেন- সাইফুল ইসলাম ওরফে কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদার। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে খিলখেতের লোটাস কামাল টাওয়ারের সামনে বিশেষ অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

এসময় একটি মাইক্রোবাসসহ দুই লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় তিনজনকে।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ২৩ জনকে আটক করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ডিসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের কাছ থেকে ২ লাখ ৩শ’ ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২শ’ ৬৩ পুরিয়া হেরোইন, ২০ পিস ইনজেকশন ও ৩ কেজি ৭শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায়।
তবে আটক সবার নাম জানানো হয়নি। এ বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।