রাজধানীসহ দেশের ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৪ ১২:০৫:৩০


রাজধানী ঢাকাসহ দেশের ছয় অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনে তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতে আবার বাড়তে পারে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমতাবস্থায় বৃহস্পতিবার (১৪ মার্চ) নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।

বিএইচ