বঙ্গবন্ধুর জন্ম মানেই বাংলাদেশের স্বাধীনতার জন্ম : কাদের

আপডেট: ২০২৪-০৩-১৭ ১৪:১২:০৪


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ। বঙ্গবন্ধুর জন্ম মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্ম।

রোববার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সারাজীবন বেঁচে থাকবে। বাংলাদেশের স্বাধীনতার জন্ম হতো কি না সন্দেহ যদি এই জনপদে বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হতো।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সকল দুর্যোগে, সঙ্কটে বঙ্গবন্ধু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখ কষ্টে একমাত্র বাতিঘর।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে বঙ্গবন্ধু নেই। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাবো। আজকের দিনে আমাদের অঙ্গীকার ‘উন্নত সমৃদ্ধ স্মাট বাংলাদেশ’ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে অভিযাত্রা অব্যাহত রাখব।

বিএইচ