১৭ আগস্ট ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ নিয়ে রুলের রায়

প্রকাশ: ২০১৬-০৮-০৮ ২০:২৫:০০


SHEETরাজধানীতে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার বিষয়ে ডিএমপির বিধিমালা নিয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করে আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ২৭ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ বাড়িওয়ালার মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছিলেন।

গত মার্চ মাসে রাজধানীতে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের লক্ষ্যে পুলিশের জারিকৃত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, এসএম এনামুল হক ও অমিত দাস গুপ্ত।

রিট আবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ (নিয়ন্ত্রণ ও নির্দেশনা) বিধিমালা-২০০৬ এর ৪ এর (খ) ধারায় বলা হয়েছে, মহানগরীর কোনো এলাকাতে কোনো অপরাধ ঘটলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারে। এই বিধান বলে বাড়ির মালিকের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত যাবতীয় তথ্য চেয়ে ফর্ম বিলি করছে। কিন্তু এই বিধান এর ক্ষমতা বলে একজন ব্যক্তির সকল ব্যক্তিগত তথ্য পুলিশ চাইতে পারে না। কারণ ওই ধারায় বলা হয়েছে, কোনো অপরাধ সংঘঠিত হলে পুলিশ দ্রুত যেকোনো পদক্ষেপ নিতে পারবে। এতে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক।

সানবিডি/ঢাকা/আহো