এরশাদের জন্মদিন আজ, জি এম কাদের ও রওশনের পৃথক কর্মসূচি

আপডেট: ২০২৪-০৩-২০ ০৯:৫৫:০৫


জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন আজ। ১৯৩০ সালের ২০ মার্চ রংপুরে জন্মগ্রহণ করেন সাবেক এ সেনাপ্রধান ও পাঁচবারের সংসদ সদস্য।

এদিকে এরশাদের জন্মদিন উপলক্ষে আলাদা কর্মসূচি পালন করবেন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অনুসারীরা।

তার জন্মদিন উপলক্ষে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকে কুরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনাসভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ৮টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাপার নেতারা। সকাল থেকে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বক্তব্য রাখবেন।

এছাড়াও সাবেক প্রেসিডেন্টের জন্মদিনে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলাসহ জাপার সব ইউনিট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে বলে মঙ্গলবার (১৯ মার্চ) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 অন্যদিকে, রওশন এরশাদের নেতৃত্বাধীন অংশও এরশাদের জন্মদিনে পৃথক কর্মসূচি পালন করবে। আজ বুধবার রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাড়িতে কুরআন তেলাওয়াত এবং বাদ আসর দোয়া মাহফিল ও ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই অংশের চেয়ারম্যান রওশন এরশাদ এতে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, ১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

বিএইচ