যাত্রী কল্যাণ সমিতি

ফেব্রুয়ারিতে ৫০৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫৫

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২০ ১৫:৩৮:১৪


বিদায়ী ফেব্রুয়ারি মাসে সারাদেশে ৫০৩ সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা আহত হয়েছেন ১ হাজার ৩১ জন।

বুধবার (২০ মার্চ) দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় রেলপথে ৩৮ দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়েছেন।

নৌ-পথে ৫ দুর্ঘটনায় ৭ জন নিহত, ৪ জন আহত এবং ০১ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৪৬ দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত এবং ১০৯৯ জন আহত হয়েছে।

এই সময়ে ১৭৩ মোটরসাইকেল দুর্ঘটনায় ২১০ জন নিহত, ১২৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৪.৩৯ শতাংশ, নিহতের ৩৭.৮৩ শতাংশ ও আহতের ১২.৫১ শতাংশ।

ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে ১১৫ টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত ও ৩১৭ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে সিলেট বিভাগে ২১ টি সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৬৩ জন চালক, ৩৪ জন পথচারী, ৪৯ জন পরিবহন শ্রমিক, ৬৯ জন শিক্ষার্থী, ০৬ জন শিক্ষক, ৯৩ জন নারী, ৫৮ জন শিশু, ০৩ জন সাংবাদিক, ০১ জন চিকিৎসক , ০১ জন আইনজীবী, ০১ জন মুক্তিযোদ্ধা, এবং ০৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে- ০৩ জন পুলিশ সদস্য, ০১ আনসার, ০২ সাংবাদিক, ০১ জন চিকিৎসক , ০১ জন মুক্তিযোদ্ধা, ১২৩ জন বিভিন্ন পরিবহনের চালক, ৩৪ জন পথচারী, ৬২ জন নারী, ৪৪ জন শিশু, ৩৪ জন শিক্ষার্থী, ১৫ জন পরিবহন শ্রমিক, ০৬ জন শিক্ষক, ও ০৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৭১০ টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৪.৩৬ শতাংশ মোটরসাইকেল, ২৪.৬৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১২.৯৫ শতাংশ বাস, ১৭.০৪ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৫.৬৩ শতাংশ সিএনজিচালিত অটোরিক্সা, ৯.৫৭ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫.৭৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংগঠিত মোট দুর্ঘটনার ৫৭.৪৫ শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ১৯.০৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৮.৪৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৩.১৮ শতাংশ বিবিধ কারনে, চাকায় ওড়না পেছিয়ে ০.৩৯ শতাংশ, এবং ১.৩৯ ট্রোন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এ মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৩৬.৭৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ১৮.৪৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৯.৭৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ২.৭৮ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৭৯ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১.৩৯ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

এম জি