তিন বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০৩-২৩ ১০:২৩:৪৩
দেশের তিন বিভাগসহ বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২২ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় শনিবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এদিকে, বৃষ্টিপাতের মধ্যেও আগামী কয়েক দিন সারা দেশে গরম কিছুটা বাড়তে পারে। শুক্রবার কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর ঢাকায় সর্বোচ্চ ২৯.৪ এবং সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তবে রোববার (২৪ মার্চ) দিনে রংপুর ও সিলেট বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য জায়গায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন রাতে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরদিন সোমবার (২৫ মার্চ) দিনে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














