ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু রোববার
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৩-২৩ ১২:২৭:০১
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে রোববার (২৪ মার্চ)। এ দিন সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।
সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলেক্ষ্য নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।
কার্যবিবরণী থেকে জানা যায়, এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।
জানা গেছে, ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ বিক্রি হবে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট।
অনলাইনের মাধ্যমে সব টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।
উল্লেখ্য, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করা হলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














