স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২৬ ০৯:২৬:৫২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের দেশের স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। এত বছর পরও সেই বিতর্ক চলছে। আমাদের বক্তব্য, স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট ৭০ এর নির্বাচনের মাধ্যমেই পেয়েছিলেন।
সেতুমন্ত্রী বলেন, আবুল কাশেম, এম এ হান্নান, অনেকেই ঘোষণা পাঠ করেছেন। সেখানে জেনারেল জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। এত বছর পর আজকে এ দেশের মানুষ, এ দেশের অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। যারা আমাদের বিজয়, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করে যাচ্ছে।
তিনি বলেন, আজ আমাদের শপথ- বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করব, প্রতিহত করব।
ভারতবিরোধিতা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধিতা আগেও হয়েছে, এই বিরোধিতা পাকিস্তান আমলের। যখন কোনো রাজনৈতিক ইস্যু থাকে না, তখনই ভারত বিরোধিতা ইস্যু, এখনো সেটা হচ্ছে। এটা নতুন কিছু না।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














