স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ভুটানের রাজার শ্রদ্ধা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২৬ ১০:২৩:২৮


চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুল করেননি ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। আজ মঙ্গলবার ভোরে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের সাথে উপস্থিত থেকে ওয়াংচুকও শ্রদ্ধা জানান। এরপর শহীদদের সম্মানে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে সই করেন ভুটানের রাজা। এসময় রাজার সঙ্গে ভুটানের রানি জেৎসুন পেমাও উপস্থিত ছিলেন।

এছাড়াও এসময় জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন।

রাজার শ্রদ্ধা জানানোর পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বাহিনী ও সংস্থাগুলো, বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএইচ