ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২৭ ১৬:১৪:৪৫


ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদের আগে ও পরে মোট ১১ দিন সব ধরনের বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন

বুধবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ প্লাজায় ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় সভায় নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ এ তথ্য জানান।

নৌপুলিশ প্রধান বলেন, ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌপুলিশ ৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপুলিশ বদ্ধপরিকর। নৌপথের যাত্রীদের নিরাপত্তা দিতে নৌপুলিশ সব নৌঘাট, নৌটার্মিনালে দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় নৌযান চলাচল সমিতির নেতারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনালের বাইরে ও ছোট নৌযান থেকে যাত্রী তোলা যাবে না, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এম জি