ঈদ যাত্রায় ট্রেনের পঞ্চম দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২৮ ০৯:৪৭:১৬


আগামী ১০ এপ্রিল ঈদের দিন ধরে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ  পঞ্চম দিনের টিকিট বিক্রি চলছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

এদিন সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে।

২৪ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ওই দিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে। ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চের টিকিট।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

বিএইচ