যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০৩-২৮ ১১:৪৯:৫৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উইন রোজারিও নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। ২২ বছর বয়সি এ যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ওজন পার্কের ১০১ এভিনিউয়ে উইন রোজারিওর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ তে কল করেন উইন রোজারিও। এসময় রোজারিও নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে। তবে নিহতের বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে আসলে সরাসরি গুলি চালায় পুলিশ।
নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, তার ছেলে নিজেই যেহেতু বলেছে সে মানসিক ভারসাম্যহীন। তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো? এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি।
পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














