সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রকাশ: ২০১৬-০৮-১০ ১৯:১৩:৫২
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপটি উত্তর পূর্বদিকে কিছুটা অগ্রসর হয়ে বুধবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি সকাল ৬ টায় খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন (অক্ষাংশ ২২.৫ উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৯.৩ পূর্ব) এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার কিংবা তারও অধিক বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














