জামায়াতের ইফতারে এবার বিএনপি নেতারা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-৩০ ২৩:১৬:০৭
বিএনপি-জামায়াত নেতাদের একসঙ্গে দীর্ঘদিন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তবে রমজানে মাসে ইফতার অনুষ্ঠানে এক টেবিলে বসতে দেখা যাচ্ছে দল দুটির শীর্ষনেতাদের। গতকাল (শনিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতারের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জমির উদ্দিন সরকারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।
এর আগে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। ওই অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম অংশ নেন।
শনিবার রাজনীতিক এবং পেশাজীবীদের সম্মানে জামায়াতে ইসলামির ইফতারে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, হাজারো প্রতিকূলতার পরও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আমাদের দাওয়াতে এ ইফতার মাহফিলে যারা শামিল হয়েছেন, তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ পাক পবিত্র রমজান মাসে কুরআন নাজিল করেছেন। এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। এ মাসে রয়েছে বরকতময় লাইলাতুল কদর। মহান রব পবিত্র কুরআনে প্রথমেই নাজিল করলেন ‘পড় তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে।’ মানুষের জ্ঞান অর্জনের জন্যই আল্লাহ এ আয়াত নাজিল করেছেন। আল্লাহ মানুষের জন্য তার হেদায়াত ও নেয়ামত পূর্ণ করে দিলেন। এ মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। রাসূল সা: ছিলেন মানবজাতির জন্য রহমাতুল্লিল আলামীন। রাসূল সা: মক্কার লোকদের অত্যাচারে মদিনায় হিজরত করেন এবং হিজরতের ৭ বছর পরে তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন।
জামায়াতের আমির বলেন, সরকারি দলের লোকদের যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে দেশের প্রতিটি নাগরিকেরও রাজনীতি করার অধিকার আছে। শুধু আল্লাহকে ভয় করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সকল বাধা থেকে মুক্ত করে দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়ার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় মাহফিলে মেহমানদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইফতারে উপস্থিত আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু ও জয়নাল আবেদিন। চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে ছিলেন আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার। যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারওয়ার, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, দলটির মিডিয়া সেলের জহির উদ্দিন স্বপন ও শায়রুল কবির খানও ছিলেন ইফতার অনুষ্ঠানে।
এছাড়া সমমনা দলগুলোর মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ জাগপা, এনপিপি, বিএলডিপি, গণদল ও বিকল্প ধারার নেতৃবৃন্দ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














