কেএনএফের সন্ত্রাসী বন্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জিএম কাদের

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৪-০৬ ১৯:৩৯:৩২


বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, কয়েক দিন ধরে বান্দরবানে কেএনএফের সদস্যরা তাণ্ডব চালাচ্ছে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। পুলিশ থানা ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তাদের এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না মানুষ। মুখথুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প।

জিএম কাদের আরও বলেন, জনগণের নিরাপত্তা রক্ষা অত্যন্ত জরুরি। তাই কেএনএফের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

বিএইচ