ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৪-১৫ ১৯:৪৪:৪৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবীরের আদালত শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
এর আগে ২০২২ সালের জুন মাসে আদালতে মামলা দায়ের করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল আইনজীবী শাহরিয়ার তানিম।
সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সিআইডির দাখিল করা প্রতিবেদন আদালত আমলে নিয়ে আজ সোমবার একমাত্র আসামি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল, আসামি নুরুল হম নুরু ২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের ব্যানারে সমাবেশ করেন। এতে নুর নিজেই ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেন। একই সমাবেশে নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














