পররাষ্ট্রমন্ত্রী

নৌপথে ফেরত যাবে মিয়ানমারের ২৮৫ সেনা, ফিরবে ১৫০ বাংলাদেশি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৪-১৯ ২১:৪৬:৩৫


পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্য মিয়ানমারের জাহাজে নৌপথে আগামী ২২ এপ্রিল দে‌শে ফিরবে।

গ্রিস থে‌কে দে‌শে ফি‌রে শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল জাহাজযোগে তাদের ফেরত নিতে সম্মত হ‌য়ে‌ছে মিয়ানমার।

ওই জাহাজে ক‌রে মিয়ানমারে আটকেপড়া ১৫০ বাংলাদেশি দে‌শে ফিরবেন জানিয়ে হাছান মাহমুদ ব‌লেন, মিয়ানমারে আটকেপড়া ১৫০ জন বাংলাদেশিও একই জাহাজে ফেরত আসবে। তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি বলেন, মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন। বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিচলিত হননি, জনগণের সংগ্রামের কাফেলা এগিয়ে নিয়েছেন, দেশকে বিশ্বের বুকে মর্যাদা ও সম্মানের আসনে আসীন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব বর্তমান বিশ্বে বিরল। তিনি শুধু দেশেরই নন, তিনি আজ বিশ্বনেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, শেখ হাসিনা শুধু তারই নন, তার সন্তানদেরও প্রেরণা। ভারতের প্রিয়াঙ্কা গান্ধী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে তাকে নিজের প্রেরণা বলে উল্লেখ করেছেন। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছেন, আরব বিশ্বে একজন শেখ হাসিনা থাকলে হয়তো গাজায় যুদ্ধ বন্ধ করা যেতো।

হাছান বলেন, শুধু তাই নয়, যে কোনো বিশ্বসভায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যোগ দিলে তিনিই মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। পররাষ্ট্রমন্ত্রী ‘ভুবনজোড়া শেখ হাসিনার আসনখানি’ প্রবন্ধ সংকলন প্রণয়নের জন্য গ্রন্থকার জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানান।

সাংবাদিকরা বিএনপি আবার বিদেশি দূতাবাসে ধরনা দিচ্ছে- এমন প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, যে কোনো কিছুতেই বিদেশিদের কাছে ধরনা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা। বাংলাদেশে ক্ষমতার উৎস জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গেলে বিদেশিরা তো বিএনপিকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না। আর আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। জনগণই ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। ফলে বিএনপি নেতাদের বক্তব্য সার্কাসের মতো মনে হয়।

প্রসঙ্গত, সীমান্তবর্তী দেশ মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকা পড়েছেন অসংখ্য বাংলাদেশি। তারা দেশটির বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্য থেকে ১৫০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাবে মিয়ানমার সাড়া দিয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া আরও বাংলাদেশি ফেরতের সম্ভাবনাও রয়েছে।

এএ