ঋণখেলাপি ধরতে প্রার্থীর তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক
আপডেট: ২০২৪-০৪-২১ ২২:১২:০৮
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে ঋণখেলাপি চিহ্নিত করতে সব রিটার্নিং কর্মকর্তাকে প্রার্থীদের তথ্য দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকটির ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত পরিচালক মো. আনিচুর রহমান রোববার (২১ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের।
এর আগে নির্বাচন কমিশন ঋণখেলাপিদের তথ্য দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল।
আনিচুর রহমান তার চিঠিতে বলেছেন, উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য দেওয়া লক্ষ্যে সব প্রার্থীর পূর্ণনাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) বাংলা ও ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর, করদাতা শনাক্তকরণ সংখ্যা, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা সম্বলিত তথ্য সংযুক্ত ছক অনুযায়ী যথাযথভাবে পূরণ করে রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নামসহ সিল, সই ও ফোন (মোবাইল) নম্বর দেওয়ার আগে তা ই-মেইল এর মাধ্যমে অত্র ব্যুরোতে পাঠাতে হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














