বিএসএমএমইউ’র উপ-উপাচার্য হলেন অধ্যাপক ডা. আতিকুর রহমান
আপডেট: ২০২৪-০৪-২২ ১৮:৪০:২০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
সোমবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন অধ্যাপক ডা. মোঃ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ, বিসএমএমএমইউ ও অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ-কে আগামী ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।
প্রজ্ঞাপনে বিএসএমএমইউ এর উপ-উপাচার্য পদে নিয়োগের লক্ষ্যে কোষাধ্যক্ষ পদ হতে তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিএসএমএমইউ এর উপ-উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে বক্ষব্যাধিতে এমডি ডিগ্রি অর্জন করে পেশাগত জীবনে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ও চিকিৎসকদের অধিকার আদায়ে তিনি সব সময় সোচ্চার। অধ্যাপক আতিক ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। তিনি পালমোনারি হাইপারটেনশন সোসাইটি ও পালমোনারি রিহ্যাবিলিটেশন সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও ডিনের দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন । এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় অর্থ কমিটির সভাপতি এবং সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক।
অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানের জন্ম ১৯৬৯ সালের ১৫ মে সিলেটে। তাঁর বাবা মোহাম্মদ আজিজুর রহমান, মা হাসিনা রহমান। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিসক সহধর্মিণী কাজী রাহিলা ফেরদৌসি ও দুই কন্যা আদিবা আজিজ রহমান, আরিবা আজিজ রহমান।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














