তাপমাত্রা আরও বাড়তে পারে
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০৪-২৭ ১২:৪৭:২১
বেশ কিছু দিন ধরেই সারাদেশে বইছে তাপপ্রবাহ। এরই মধ্যে তাপপ্রবাহে গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে। কিন্তু দেখা মিলছে না স্বস্তির বৃষ্টির। এর মাঝেই আজ শনিবার গরমের তীব্রতা আরও বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানিয়েছেন, শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এটিই চলতি গ্রীষ্ম মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একইসাথে রাজশাহী এবং পাবনার ঈশ্বরদীতেও দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে বজলুর রশিদ জানান, পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
সূত্র: আবহাওয়া অফিস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














