হত্যার দায়ে বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন

প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৭:৫৩:৫২


court.Adalotমাগুরায় আব্দুর রউফ নামে একজনকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বরালদাহ গ্রামের মোহন শেখ, তার ছেলে পারভেজ শেখ, সুরত আলী ও হাশেম শেখ। এদের মধ্যে পারভেজ পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কামরুল শেখ, আজম শেখ, মেজবাউল শেখ ও আশিকুল শেখ খালাস পেয়েছেন।

মামলার বিবরণিতে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১১ সালের ১৪ জুলাই সন্ধ্যায় বরালদাহ গ্রামের রিপন মোল্যাকে বাড়ির অদূরে কুপিয়ে আহত করে আসামিরা। ছেলের চিৎকার শুনে বাবা রউফ মোল্যা এগিয়ে এলে আসামিরা তাকেও কোপায়। রাতে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রউফ মোল্যাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে রিপন মোল্যা আটজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।